স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে দফায় দফায় রেল অবরোধ - The News Lion

স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে দফায় দফায় রেল অবরোধ



দি নিউজ লায়ন ;  স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে - এই দাবিতে রবিবার দফায় দফায় রেল অবরোধ হুগলির পান্ডুয়া এবং খন‍্যান স্টেশনে। অবরোধ শুরু হয়েছে হুগলি স্টেশনে। সূত্রের খবর, রবিবার সকাল সাতটা নাগাদ পান্ডুয়া স্টেশনে একটি স্টাফ স্পেশাল ট্রেন এসে দাঁড়ালে তাতে উঠে পড়েন কয়েকশো রেলযাত্রী। কর্তব্যরত জিআরপি এবং আরপিএফ কর্মীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 


ক্রমশ তা ধস্তাধস্তিতে গড়ায়। সাড়ে সাতটা নাগাদ রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রেললাইনে বসে পড়েন যাত্রীরা। শুরু হয় অবরোধ। পান্ডুয়া স্টেশনে অবরোধের খবর ছড়িয়ে পড়তেই পাশের স্টেশন খন‍্যানেও শুরু হয় রেল অবরোধ। দশটা নাগাত অবরোধ শুরু হয় হুগলি স্টেশনে। যাত্রীদের অভিযোগ, স্টাফ স্পেশাল ট্রেন কার্যত ফাঁকা যাচ্ছে। সেখানে তাদের উঠতে দেয়া হচ্ছে না। বিকল্প কোন বন্দোবস্ত করা হচ্ছে না। 


যার ফলে তাদের ব্যাপক অসুবিধে হচ্ছে। অবিলম্বে স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে এই দাবিতে দুটি স্টেশনে অবরোধ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু' ঘণ্টা পেরিয়ে গেলেও অবরোধ চলছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। 


তবে রেলযাত্রীদের সাফ কথা কবে থেকে ট্রেন চলবে তা পরিষ্কার করে জানাতে হবে আধিকারিকদের এবং যতদিন না ট্রেন চলছে ততদিন স্পেশাল ট্রেনে তাদের উঠতে দিতে হবে। একই সঙ্গে তাদের অভিযোগ, ট্রেনে উঠলে আরপিএফ এবং জিআরপি নানাভাবে হেনস্তা করছে মারধর করছে রেলকে অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.